অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৭:২৫ পিএম


অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক না কেন তার কোনো ছাড় নেই। 

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয়, আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চমহলে সুপারিশ করব।

তিনি আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পতিত আওয়ামী লীগ সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল। সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? 

তিনি বলেন, স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের দলে চাঁদাবাজ-দখলবাজের অবস্থান নেই।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission