মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে আগামী পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে মির্জা আব্বাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রয়েছেন। গত ১৪ এপ্রিল উন্নত ফিজিওথেরাপির প্রয়োজনে তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি ঘটছে। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন ঢাকা ৮ আসনের এই সংসদ সদস্য। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দীর্ঘমেয়াদী শারীরিক সক্ষমতা ফিরে পেতে তাকে মালয়েশিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
আরটিভি/এআর




