অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেজায় চোট লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কাজ করেনি। আমাদেরকে নতুন করে সরকার বানাতে হবে, জনগণের সরকার বানাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেসব কাজ ঠিকমতো করছে না, আমাদেরকে নজরে রাখা দরকার। ভোলায় ৫৭ জন শহীদ পরিবার আছে তাদের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয়নি। শহীদ পরিবার ও আহতদের দেখভালের জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ ১৫তম দিনে ভোলা প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোলা সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুকে টেনে এনে সামান্তা শারমিন বলেন, নিজের দলের কর্মী-ছাত্রীকে ধর্ষণ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। ইপ্সিতার জন্য আমাদের যে মর্মবেদনা আছে সে মর্মবেদনা তার দলের নেতাদের মধ্যেও নেই। সেই ঘটনার পর আরও একটি ঘটনা ঘটেছে। এই ভোলাকে আমরা ধর্ষক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আস্তানা হতে দেব না। আপনারা এমন সংগ্রাম গড়ে তুলবেন, যেটা ৩-৫ তারিখ গড়ে তুলেছিলেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারাসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
আরটিভি/এএইচ -টি




