নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: সিফাত

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০২:১৮ এএম


নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: সিফাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেছেন, নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে গণমাধ্যমকর্মীদের টেক্সট পাঠিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে, জুলাইযোদ্ধাদের উদ্যোগে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছিলেন। 

তারা জানান, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। তবে গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।   

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপিতে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান মুখ্য সমন্বয়কের। বর্তমানে এই পদটিতে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি রয়েছে। এতেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। 
 
এ বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি জবাব দেননি। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission