সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত জানাজা ও দাফন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে।
এদিকে মঙ্গলবার সাড়ে বারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই জানাজা ও দাফনসহ পরবর্তী সব কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
আরটিভি/এসকে




