শিবির ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে: নাছির

আরটিভি নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১১:১১ পিএম


শিবির ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে: নাছির
ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ফ্যাসিবাদী সময়ে ছাত্রদলের ওপর যত হামলা ও নির্যাতন সংঘটিত হয়েছে, তার পেছনে শিবিরের ভূমিকা ছিল। তারা মূলত ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে। গুপ্তভাবে যে সংগঠনে তারা প্রবেশ করে, সে সংগঠন ধ্বংস হয়ে যায়। ছাত্রলীগের ভেতরে গুপ্ত শিবিরের প্রবেশের কারণে তাদের ধ্বংস হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ছাত্রদল ভিন্নমত দমন বিশ্বাস করে না; বরং মনে করে, মতের ভিন্নতা থেকেই শক্তি আসে।

নাছির উদ্দীন নাছির বলেন, শিবির এতটাই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে যে তারা শহীদ ওয়াসিমের সহযোদ্ধা ছাত্রদল নেতা সাইয়েদ হোসাইনকে শিবির নেতা হিসেবে প্রচার করছে। এটি তাদের দেউলিয়াত্বের উৎকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, মনিরা শারমিন ও মাহমুদা মিতু গুপ্ত শিবিরের সঙ্গে যুক্ত। তারা এনসিপির কেউ নন। গত দুই বছর ধরে তারা সারা বাংলাদেশে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রসমাজকে বিভ্রান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তাদের বিষয়ে এনসিপিকে সতর্ক থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission