জনগণের জন্য সরকারের চালু করা বিভিন্ন কার্ডের বিপরীতে নতুন একটি কার্ড ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই; সেটা হলো লাল কার্ড।
বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের সংকট নিরসনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সরকারের বিভিন্ন কার্ডের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না; কৃষক তাতে সুবিধা পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
এনসিপির এ নেতা আরও বলেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই, সেটা হলো লাল কার্ড। সরকারের সব কার্ড যখন ব্যর্থ হয়ে যাবে, আমরা তখন সেই কার্ড দেখাব।
পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায় অভিযোগ করে এরপর তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আমাদের সঙ্গে সীমান্তে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা কোনো দাঙ্গা লাগাতে দেব না।
পশ্চিমবঙ্গের নতুন সরকারের উসকানিতে বাংলাদেশের বর্তমান সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
সভার প্রধান বক্তা একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, সার্বিকভাবে দেশে ৫-৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রভাবে খাদ্য সংকট তৈরি ও মূল্যস্ফীতি বাড়বে।
প্রতিবছর বাজেট বাড়লেও কৃষির জন্য বরাদ্দ বাড়ছে না মন্তব্য করে তিনি বলেন, মোট বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেয়া উচিত। এছাড়া কৃষিপণ্যের জন্য প্রাইস কমিশন জরুরি বলেও উল্লেখ করেন এই বিশেষজ্ঞ।
আরটিভি/এসএইচএম




