কারাগারে সাবেক প্রতিমন্ত্রী মিলন

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ , ০২:৪৭ পিএম


কারাগারে সাবেক প্রতিমন্ত্রী মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শফিউল আজম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে মিলনের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

তবে মামলার কাগজপত্র আদালতে না পৌঁছানোয় এ বিষয়ে আগামী রোববার আদেশের দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। 

আইনজীবী কামরুল জানান, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হত্যা, হত্যার চেষ্টা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এসময় জামিন আবেদন করা হয়। তবে আদালত এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন জানিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, উনি (মিলন) অসুস্থ মানুষ। তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির আরটিভি অনলাইনকে বলেন, পুরনো মামলায় সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে চট্টগ্রামের একটি বাসা থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মিলনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, এসব মামলায় রিমান্ডের কোনও প্রয়োজন নেই। তাই পুলিশের পক্ষ থেকে রিমান্ডের কোনও আবেদন করা হয়নি।

বিএনপি আমলের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি চাঁদপুর-১ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission