হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৯:৫৫ এএম


হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি বাংলাদেশিরা-ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী ১৪২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।  ১৪ জন হজযাত্রীর মৃত্যুও হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৬ হাজার ২টি সেবা দিয়েছে।

বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় তিনজন মারা গেছেন।

সবশেষ ১২ মে মারা গেছেন গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission