৯ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, নমুনা সংগ্রহ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০৭:৫২ পিএম


৯ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, নমুনা সংগ্রহ

অজ্ঞাত রোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯ শিশুর মৃত্যু এবং বুধবার পর্যন্ত ৪৬ শিশু আক্রান্তের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ রোগ সম্পর্কে ধারণা পেতে নমুনা সংগ্রহ করেছেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে মিরসরাইয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আব্দুল খালেদের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটি শিশুদের অসুস্থতা ও মৃত্যুর কারণসহ সার্বিক বিষয় তদন্ত করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে রিপোর্ট প্রদান করবে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিক আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান সিদ্দিক জানান, আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে প্রাথমিকভাবে মনে করছেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল। তাই জরুরি ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত শিশুদের দুধ, ডিমসহ বিভিন্ন পুষ্টিকর খাবার বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি জানান, সীতাকুণ্ডের ওই এলাকার যেসব শিশু এখনো আক্রান্ত হয়নি তাদের মাঝে শনিবার থেকে দুধ, ডিমসহ বিভিন্ন পুষ্টিকর খাবার বিতরণ করবে স্বাস্থ্য বিভাগ। যাতে নতুন করে কোনো শিশু অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত না হয়।

বুধবার ৪৬টি শিশুকে হাসপাতালে নেয়ার পর নতুন করে কোনো শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। যারা হাসপাতালে আছে, তাদের অবস্থা এখন ভালো বলেও জানান সিভিল সার্জন।

ঢাকার রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের(আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি পৌঁছেছে সীতাকুণ্ডে।

বৃহস্পতিবার সকালে দলটি চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ঘুরে দেখেছে।

ফারুক আহমেদ ভূঁইয়া জানিয়েছেন, আক্রান্তদের রক্ত, প্রসাবসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। কোনো ভাইরাস বা জীবাণুর কারণে শিশুরা আক্রান্ত হচ্ছে কিনা তা জানতেই এসব নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, সংগৃহীত নমুনাগুলোর কয়েকটির পরীক্ষা এখানে করা যাচ্ছে। বাকি নমুনার পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট দিতে দু’দিন সময় লাগতে পারে। এরপর রোগ সম্পর্কে বলা যাবে।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission