সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:০৯ পিএম


সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

হিমালয়ের বুকে উষ্ণতা ছড়িয়ে সানজিদা-কৃষ্ণাদের পায়ের জাদুতে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী দল। কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর দেশের নারী ফুটবলারদের নিয়ে প্রত্যাশাটা এখন একটু বেশিই। এবার ঘরের মাঠে শামসুন্নাহার জুনিয়রদের সামনে যুব বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা জয়ের পালা। 

আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলার বাঘিনীরা। 

বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের যুব নারী আসরে দুইবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর মধ্যে একবার অনূর্ধ্ব-১৮ ও পরে অনূর্ধ্ব-১৯ সাফের শিরোপা ঘরে তোলে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলার মেয়েরা। এবার নিজ দেশে ওই টুর্নামেন্টের অনূর্ধ্ব-২০ পর্যায়ে শিরোপার এক ধাপ দূরে রয়েছে বাংলাদেশ। 

টুর্নামেন্ট শুরুর আগে আগে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমে ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শেষ ম্যাচে ভুটানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে সাবিনা খাতুনদের উত্তরসূরিরা।

এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ৩-১ গোল ব্যবধানে হারলেও শেষপর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালের টিকিট পায় নেপালের মেয়েরা। ভুটানের সঙ্গে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় দিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল তারা। এরপর নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছেছে তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল :

গোলরক্ষক : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, ইতি রানী।

রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।

মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), স্বপ্না রানী, সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার ও হালিমা আক্তার।

আক্রমণভাগ : শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission