৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের অন্তর্ভুক্ত করা হবে : আমিনুল হক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৮:৪৮ এএম


৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের অন্তর্ভুক্ত করা হবে : আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের খেলাধুলার উন্নয়নে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আনা হবে। 

সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। সরকার খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও জানান, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে নতুন প্রজন্ম খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে।

তরুণদের ডিভাইস-নির্ভরতা কমাতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে এবং মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৬ মে পর্যন্ত।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission