রিয়াল মাদ্রিদের ‘৭’ নম্বর জার্সি পাচ্ছেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ জুন ২০২৩ , ১১:৪৪ পিএম


রিয়াল মাদ্রিদের ‘৭’ নম্বর জার্সি পাচ্ছেন ভিনিসিয়াস
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এই ক্লাবের হয়ে ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতে ৯ বছর দাপিয়ে খেলে গিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে রাউল গঞ্জালেস, রেমন্ড কোপা ও এমিলিয়ানো বুত্রাগুয়েনোর মতো কিংবদন্তিরাও রিয়ালের ৭ নম্বর জার্সি পরেছেন।

তবে সাম্প্রতিক সময়ে রিয়ালের ৭ নম্বর জার্সিতে আর কেউ নিজেদের তুলে ধরতে পারেননি। সবশেষ বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হাজার্ডের পরনে দেওয়া হয়েছিল এই জার্সি। তবে চোটের কারণে বার্নাব্যুতে তার অবস্থানটা সুখের হয়নি। চার বছরে ৭৬ ম্যাচ খেলে মাত্র ৭ গোল করেছিলেন হাজার্ড। 

কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল হাজার্ডের। তাই বিচ্ছেদটা অবধারিতই ছিল দুই পক্ষের। মৌসুম শেষে যে তিনি ক্লাব ছাড়বেন সেটা আগেই জানিয়েছিল রিয়াল। অবশেষে হয়তো পরবর্তী ‘৭’ নম্বর তারকা পেয়ে গেল লস ব্লাঙ্কোসরা।

আগামী জুলাইয়ে নতুন মৌসুমকে সামনে রেখে স্কোয়াডে রদবদল করছে রিয়াল মাদ্রিদ। এমনকি খেলোয়াড়দের জার্সি নম্বরেও পরিবর্তন আসছে তাদের। ২০২০-২১ মৌসুম থেকে রিয়ালের ২০ নম্বর জার্সি পরে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র আগামী মৌসুমে পরবেন রিয়ালের ৭ নম্বর জার্সি। 

ভিনিসিয়াসের ২০ নম্বর জার্সিটি নতুন মৌসুমে গায়ে দেবেন রায়ো ভায়োকানো থেকে রিয়ালে যোগ দেওয়া ফ্রান গার্সিয়া। ২০২৩–২৪ মৌসুমের জন্য জার্সি নম্বরে এই পরিবর্তন রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। 

গুঞ্জন ছিল, বরুসিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহামকে কিনে রিয়াল এই উঠতি তারকার কাঁধে ৭ নম্বর জার্সির ভার চাপাতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের ৭ নম্বর জার্সি পেলেন ক্লাবটির আক্রমণভাগের কান্ডারি হয়ে ওঠা ভিনিসিয়াস। গত দুই বছর ধরে ক্লাবের মুখ হয়ে ওঠা এই উইঙ্গারকে ৭ নম্বর জার্সিটি দিয়ে এক অর্থে স্বীকৃতিই দিলো রিয়াল। 

এদিকে স্প্যানিশ তারকা মার্কো আসেনসিও রিয়াল ছাড়ছেন। ফলে তার পরা ১১ নম্বর জার্সিটিও খালি হচ্ছে। এটি পেতে যাচ্ছেন ব্রাজিলের আরেক তারকা রদ্রিগো। কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান। ১১ নম্বর জার্সিও রিয়াল মাদ্রিদের আভিজাত্যের প্রতীক। এই জার্সি পরে অতীতে খেলেছেন ক্লাবের কিংবদন্তি পাকো হেন্তো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission