একই দিনে দুই রূপ, ভক্তদের যে বার্তা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ মে ২০২৪ , ০৭:৩৯ পিএম


সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

মাঠ এবং মাঠের বাইরে আলোচনা-সমালোচনা নিত্যদিনের সঙ্গী সাকিব আল হাসানের। ফের তাকে ঘিরে আলোচনা-সমোলোচনা তুঙ্গে।  

ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সকালে খেলতে ফতুল্লা গিয়েছিলেন সাকিব। ম্যাচের আগে প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন এবং শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় সেলফি নেওয়ার জন্য সাকিবের দিকে এগিয়ে আসেন এক ভক্ত। তবে সাকিব বুঝতে পেরে ইশারায় না বললেও তাদের আলোচনার মধ্যেই সেলফি নিতে ঢুকে পড়েন সেই ভক্ত।

বিষয়টি ভালোভাবে নেননি দেশসেরা এই ক্রিকেটার। এ সময় মেজাজ হারিয়ে ভক্তের দিকে তেড়ে যান তিনি। ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেন সেই ভক্তকে। এমনকি তাকে চড় মারতেও উদ্ধত হন সাকিব; যা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা।

সোমবার (৬ মে) প্রাইম ব্যাংকের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এদিন ব্যাট হাতে রান পাননি সাকিব।

কিন্তু ম্যাচ শেষে ভক্তরা সাকিবের কাছে অটোগ্রাফ এবং সেলফির আবদার করেছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার তাদের সেসব আবদারও মিটিয়েছেন।

ফলে একই দিনে সাকিবের দুই রূপ দেখল ভক্তরা। এর মধ্য দিয়েই হয়তো ভক্তদের বার্তা দিলেন সাকিব। ‘ভক্ত, আপনি যত বড়ই হন না কেন, চাইলে আপনিও একটা ভালো মুহূর্তের সাক্ষী হতে পারেন।’ তবে সেটা সীমার মধ্যে থেকে। নাহলে শুধু সাকিব কেন, শান্ত স্বভাবের মুশফিক-মাহমুদউল্লাহরাও মেজাজ হারাতে বাধ্য হন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission