ওয়েস্ট ইন্ডিজে নতুন ‘ব্যাগি গ্রিন’ টুপি পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই টুপি মাথায় দিয়ে ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোসেশনও করেছিলেন। কিন্তু কামিন্স সেই টুপি হারিয়ে ফেলেছেন।
২০১১ সালে অভিষেকের সময় পাওয়া কামিন্সের ব্যাগি গ্রিন টুপিটি পুরনো হয়ে গেছে। অজি দলপতি সেটি মেরামত করতে চাননি। যে কারণে বারবাডোজ টেস্টের আগে নতুন টুপি মাথায় দিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। নতুন টুপি দিয়ে আর খেলা হলো না অজি অধিনায়কের! কারণ ফটোসেশন ও টসের মাঝামাঝি সময় এই টুপি হারিয়ে গেছে।
ব্যাগি গ্রিন ক্যাপটি হারিয়ে যাওয়ার ব্যাপারটা বোঝা যায় কামিন্স টস করতে নামার সময়। কেনিংসটন ওভালে পুরনো ক্যাপটি পরেই মাঠে নামেন তিনি। এরপরই জানা যায় তার নতুন টুপিটি হারিয়ে গেছে। যা এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর দ্য ডেইলি টেলিগ্রাফের।

কামিন্সের টুপিটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলবিয়নের তৈরি সবশেষ টুপিগুলোর মধ্যে একটি। আলবিয়ন ২০১৬ সালে কুকাবুরার কাছে টুপি তৈরির স্বত্ব হারায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে এই টুপি ঐতিহ্যের এবং সম্মানের। টেস্ট অভিষেকের সময় তারা এটা পান। যা পুরো ক্যারিয়ারে সঙ্গেই থাকে।
কামিন্স প্রথম অজি খেলোয়াড় হিসেবে ব্যাগি গ্রিন টুপি হারাননি। এর আগে গত বছর বিদায়ী টেস্ট খেলতে নামার আগে ডেভিড ওয়ার্নারও একই ঘটনার শিকার হয়েছিলেন। সেটি খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান পর্যন্ত করতে হয়।
ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেন, যদি তার ব্যাগি গ্রিন ফেরত দেওয়া হয়, তবে কোনো আইনি ব্যবস্থা নেবেন না, এমনকি তাকে পুরস্কৃত করা হবে।
ওই ঘোষণা দেওয়ার চার দিন পর টুপি ফেরত পান ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমেই টুপি খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে ওয়ার্নার কিছু জানাননি।
আরটিভি/এসকে/এআর




