শান্তর থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়াও উচিত হয়নি: আকরাম খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০১:১৬ পিএম


শান্তর থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়াও উচিত হয়নি: আকরাম খান
ছবি: এএফপি

টেস্ট সিরিজ হারের পর হঠাৎ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। যার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও। প্রথম ওয়ানডেতে জয়ের পথে থেকেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাই অধিনায়ক হিসেবে শান্তর আরও সময় পাওয়া উচিত বলে মনে করেন আকরাম খান।

এই বোর্ড পরিচালক বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ লোক কিন্তু পারফরম্যান্সের ওপর টিমের নেতৃত্বকে মূল্যায়ন করছে। কিন্তু ওটা কখনো হওয়া উচিত না। বাংলাদেশে দেখবেন, টিম খারাপ করলে অধিনায়ককে বাদ দিয়ে দিচ্ছে। টিম ভালো করলে, খারাপ অধিনায়কত্ব করলেও আমরা অধিনায়কের মেয়াদ বাড়িয়ে দিই।

শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিমানে ওঠার আগে শান্তকে সরিয়ে মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিল বিসিবি। এই প্রক্রিয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন আকরাম খান।

আরও পড়ুন

তার ভাষ্য, এত তাড়াতাড়ি অধিনায়ক বানানোও উচিত না, তাড়াতাড়ি অধিনায়কত্ব কেড়ে নেওয়াও উচিত না। শান্তর ক্যারিয়ার তো শুরুর দিকে, ওর এখনও অনেক বছর ক্রিকেটকে দেওয়ার আছে। শুরুর ধাপে নেতৃত্ব পেল আবার তাকে সরিয়ে দিলো, এটা কিন্তু ব্যক্তিগতভাবে ভালো না।

এদিকে টানা ব্যর্থতায় প্রতিনিয়ত সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেটার ও বিসিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বোর্ড হিমশিম খাচ্ছে, তা বিভিন্ন সময় কৌশলে অস্বীকার করলেও এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আকরাম বলেন, বিতর্ক কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে বাংলাদেশ ক্রিকেটকে। সবচেয়ে বড় সমস্যা এটা। শেষ বিশ্বকাপে দেখেন, সেটার জন্য পুরো দল ভুগেছে। এরপর থেকে তো হয়ে যাচ্ছে এবং এগুলো থামছে না। কেউ ত্যাগস্বীকার করে না, কেউ কাউকে সম্মান করে না। আগে বাংলাদেশ দলে এসব ঝামেলা অনেক কম ছিল। 

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে আমরা বেশি আলাপ আলোচনা করছি। যারা যে দায়িত্বে আছে, তারা কিন্তু আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতো, আরও ভালোভাবে সিদ্ধান্তগুলো নিতে পারতো।
 
আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission