এল ক্লাসিকো শেষ হলেও উত্তেজনা যেন থামছেই না। মাঠে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয় ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। বার্সেলোনার বিপক্ষে এই জয়ের পর ইনস্টাগ্রামে তরুণ বার্সা তারকা লামিনে ইয়ামালকে পরোক্ষ খোঁচা দিয়েছেন রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে জয় উদযাপনের ছবি পোস্ট করে বেলিংহাম ক্যাপশনে লেখেন, “Talk is cheap. HALA MADRID SIEMPRE!!!” যার বাংলা অর্থ, “কথা সস্তা, হালা মাদ্রিদ চিরজীবী!” ক'দিন আগেই রিয়াল মাদ্রিদকে আক্রমণ করে ইয়ামাল বলেছিলেন, “রিয়াল মাদ্রিদ চুরি করে, সব সময় অভিযোগ করে।” বেলিংহামের পোস্টটি তাই স্পষ্টতই ইয়ামালের মন্তব্যের জবাব হিসেবেই দেখা হচ্ছে।
ম্যাচের শেষ দিকে পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে টাচলাইনের পাশে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পর্যন্ত হস্তক্ষেপ করে। বেঞ্চে থাকা বেলিংহামকেও তখন সেই বিশৃঙ্খলায় দেখা যায়।
খেলা শেষের পর আবার মাঠে ঢুকে ইয়ামালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রিয়ালের দানি কারভাহাল। অভিযোগ, ইয়ামাল ‘অতিরিক্ত কথা বলছিলেন।’ এতে ভিনিসিয়ুস জুনিয়র ও কোর্তোয়া যোগ দেন, অন্যদিকে ইয়ামালকে রক্ষা করতে বার্সার রাফিনিয়াকেও এগিয়ে আসতে দেখা যায়।
গত মৌসুমে বার্সেলোনার কাছে টানা চার ম্যাচে হারের পর এই জয় রিয়াল মাদ্রিদের জন্য মর্যাদা পুনরুদ্ধারের লড়াই ছিল। ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক ছিলেন জুড বেলিংহাম। তার পাস থেকে এমবাপ্পে প্রথম গোল করেন, আর দ্বিতীয় গোলটি বেলিংহাম নিজেই করেন।
আরটিভি/এসকে
