২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে এবার উল্টো কারণে আলোচনায় এলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সৌদি আরবেই খেলতে চাইলেও এবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সৌদি ক্রীড়া মন্ত্রণালয়।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসি স্বল্প মেয়াদে সৌদি প্রো লিগে খেলতে চেয়েছিলেন। কারণ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষে প্রায় চার মাসের বিরতি থাকে, যা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী। এই সময় ফিটনেস ধরে রাখার উদ্দেশ্যে মেসি সৌদি লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী হাম্মাদ জানিয়েছেন, মেসির ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা জানায়, এমএলএস বন্ধ থাকবে, তাই মেসি সৌদি প্রো লিগে খেলতে চান, যাতে ফিটনেস বজায় থাকে এবং বিশ্বকাপের প্রস্তুতিও নেওয়া যায়।
তিনি আরও জানান, এই প্রস্তাব তিনি সরাসরি সৌদি ক্রীড়ামন্ত্রীর কাছে পৌঁছে দেন। কিন্তু মন্ত্রী স্পষ্ট ভাষায় তা প্রত্যাখ্যান করে বলেন, সৌদি লিগ অন্য কোনো টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে না। এভাবে মেসির সৌদি লিগে খেলার আশা আপাতত শেষ হয়ে গেল।
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি প্রো লিগে বড় বড় তারকাদের আগমন ঘটেছে। নেইমার, করিম বেনজেমা, এন’গোলো কান্তে, রুবেন নেভেসসহ একাধিক ইউরোপীয় তারকা এখন সৌদি ক্লাবগুলিতে খেলছেন।
তবে মেসিকে পাওয়া হলো না সৌদির। ফলে আবারও ফুটবল বিশ্বের দুই মেগাস্টারের (রোনালদো-মেসি) প্রতিদ্বন্দ্বিতা দেখা থেকে বঞ্চিত হলো সৌদি প্রো লিগের দর্শকরা।
আরটিভি/এসকে




