ইতিহাদে সিটিজেনদের বিধ্বস্ত করল লেভারকুজেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১০:৫০ এএম


ইতিহাদে সিটিজেনদের বিধ্বস্ত করল লেভারকুজেন
ইতিহাদে সিটিজেনদের বিধ্বস্ত করল লেভারকুজেন। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে লেভারকুজেনের বিপক্ষে মাঠে নেমেছিল ম‍্যানচেস্টার সিটি। কিন্তু এদিন নিজেদের সেরাটা দিতে পারেনি সিটিজেনরা। বিপরীতে ঘরের মাঠে জার্মান ক্লাবটির কাছে বাজেভাবে হারতে হয়েছে গার্দিওয়ালার শিষ্যদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে লেভারকুজেনের কাছে ২-০ গোলে হেরেছে সিটি। আলেহান্দ্রো গ্রিমালদো প্রথমার্ধে লেভারকুজেনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়িয়েছেন পাত্রিক শিক।

এদিন পঞ্চম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সিটি। অস্কার ববের কাট ব‍্যাকে ডি বক্সে বল পান নাথান আকে। জটলার জন‍্য তার শট ফেরানো বেশ চ‍্যালেঞ্জিং ছিল। তবে চমৎকার রিফ্লেক্সে কর্নারের বিনিময়ে রক্ষা করেন লেভারকুজেন গোলরক্ষক।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২৩তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় লেভারকুজেন। প্রতি আক্রমণে বল পেয়ে ডি বক্সে ক্রস করেন মালিক টিলমান। ক্রিস্টিয়ান কোফানের ফ্লিক ক্লিয়ার করতে পারেননি সিটির কেউ। ছুটে গিয়ে বাঁ পায়ের গতিময় শটে জাল খুঁজে নেন গ্রিমালদো। কোনো সুযোগই ছিল না সিটি গোলরক্ষকের।

৪৫তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন টিজানি রেইন্ডার্স। খুব কাছ থেকে অনেকটা গোলরক্ষক বরাবর শট নেন নেন সিটির এই ডাচ মিডফিল্ডার। পিছিয়ে থাকার হতাশা নিয়ে বিরতিতে যায় গার্দিওয়ালার দল।

বিজ্ঞাপন

তিনটি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সিটিজেন কোচ। তবে তাকে হতাশ করে ৫৪তম মিনিটে ব‍্যবধান বাড়ায় বুন্ডেসলিগার দলটি। ইব্রাহিম মাজার দারুণ ক্রসে আকের বাধা এড়িয়ে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন শিক।

৬৫তম মিনিটে হায়ান শের্কি ও হলান্ডকে বদলি নামান সিটি কোচ। এরপর বাড়ে স্বাগতিকদের আক্রমণ। সুযোগও আসে বেশ কিছু কিন্তু লেভারকুজেনের রক্ষণের প্রতিরোধ ভাঙতে পারেনি সিটি। ৮৫তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে শের্কির ফ্রি কিক ঝাঁপ দিয়ে ঠেকান লেভারকুজেন গোলরক্ষক।

চ‍্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের পর ৫ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত ৬ নম্বরে আছে সিটি। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে লেভারকুজেন। ৪ ম‍্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission