আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। কারণ, বাংলাদেশের দাবি মানেনি আইসিসি। বরং চড়ূান্ত সিদ্ধান্ত জানাতে আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে এই বিষয়টি অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১৮ জানুয়ারি) বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিল আইসিসির প্রতিনিধি দল। সেই সভার পর গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, আগামী ২১ জানুয়ারির মধ্যে আইসিসির পক্ষ থেকে এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে বিসিবিকে জানানো হয়েছে।
তবে এই সময়সীমার কথা এবার অস্বীকার করেছে বিসিবি। সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এই কথা বলেন।
আমজাদ বলেন, গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে খেলতে অপরাগ।
তিনি আরও বলেন, বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
আরটিভি/এসআর




