বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। মুসলিম উম্মাহর এই সংযমের মাসকে ঘিরে আগের মতো এবারও বিশেষ ব্যবস্থা রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ।
প্রিমিয়ার লিগে বর্তমানে বেশ কয়েকজন মুসলিম ফুটবলার নিয়মিত খেলছেন। তাদের পাশাপাশি বিভিন্ন ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আছেন মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরা। রমজান মাসে রোজা রাখা খেলোয়াড়দের ইফতারের সুযোগ করে দিতে ম্যাচ চলাকালীন সংক্ষিপ্ত বিরতির সুযোগ রাখা হয়েছে।
তবে খেলা থামিয়ে আলাদা করে ইফতারের বিরতি দেওয়া হবে না। ইংলিশ ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, থ্রো-ইন, ফ্রি-কিক বা গোল-কিকের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা পানি বা এনার্জি ড্রিংকস গ্রহণের মাধ্যমে রোজা ভাঙতে পারবেন। এই বিরতিকে কৌশলগত টাইম-আউট বা অতিরিক্ত পানি বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না।
ইফতারের সময় নির্ধারণে ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। প্রয়োজন হলে কোন মুহূর্তে সংক্ষিপ্ত বিরতি নেওয়া হবে, তা আগেই ঠিক করে নিতে হবে।
২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ওই বছরের এপ্রিলে ক্রিস্টাল পেলেস ও লিস্টার সিটি ম্যাচে নিয়মটি প্রথম কার্যকর হয়। গোল-কিকের সময় সংক্ষিপ্ত বিরতিতে ইফতার করেন ক্রিস্টাল প্যালেসের ক্রিস্টালের শেইখু কুয়াতে ও লেস্টারের ওয়েসসি ফোফানা।
বর্তমানে প্রিমিয়ার লিগে খেলছেন মোহাম্মদ সালাহ, আমাদ দিয়ালো, উইলিয়াম সালিবা, রায়ান আইত নুরিসহ আরও অনেকেই।তাদের ধর্মীয় অনুশাসন পালনে সহায়ক এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা।
রমজানের প্রতি সম্মান জানিয়ে ইউরোপের শীর্ষ লিগের এমন মানবিক পদক্ষেপ ক্রীড়াঙ্গনে বৈচিত্র্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।
আরটিভি/এসকে





