কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েই চলেছে। তার আইনজীবীদের দাবি, ৭৩ বছর বয়সী ইমরান ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন। এমন প্রেক্ষাপটে বিশ্বের ১৪ জন সাবেক ক্রিকেট অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে তার জন্য ন্যূনতম মানবিক মর্যাদা ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর কাছে পাঠানো এক খোলা চিঠিতে তারা অনুরোধ জানান, ইমরান যেন তার পছন্দমতো যোগ্য ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দ্রুত, পর্যাপ্ত ও ধারাবাহিক চিকিৎসাসেবা পান। একই সঙ্গে আইনি প্রক্রিয়ায় অন্যায্য বিলম্ব বা বাধা ছাড়া স্বচ্ছ ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।
চিঠিটি খসড়া করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তে স্বাক্ষর করেছেন ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার , স্টিভ ওয়াহ, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লাক ও কিম হজ, ইংল্যান্ডের মাইক এথারটন, নাসির হসেইন, মাইকেল ব্রেয়ারলি ও ডেভিড গোয়ার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড এবং নিউজিল্যান্ডের জন রাইট।
বিবৃতিতে সাবেক অধিনায়কেরা ইমরানের ক্রিকেটীয় অবদান স্মরণ করে বলেন, ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। অনেকেই তার বিপক্ষে খেলেছেন, কেউ তার সঙ্গে মাঠ ভাগ করেছেন, আবার কেউ তার অলরাউন্ড নৈপুণ্য ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়েছেন। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আচরণ প্রত্যাশিত এ কথাও উল্লেখ করা হয় চিঠিতে।
ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হন। তিনি ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি তার আইনজীবী কারাগারে সাক্ষাৎ শেষে স্বাস্থ্যগত উদ্বেগ জানিয়ে দেশটির প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দেন। এ ছাড়া সাবেক পাকিস্তানি তারকারা ওয়াসিম আকরাম, ওয়াকাড় ইউনুস ও শোয়েব আকতার তার যথাযথ চিকিৎসার দাবি তুলেছেন। ভারতের অজয় জাডেজা পাকিস্তানি ক্রিকেটারদেরও এ বিষয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন।
চিঠির শেষাংশে সাবেক অধিনায়কেরা বলেন, ক্রিকেট দেশগুলোর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমরা খেলাধুলার চেতনা ও মানবিকতার জায়গা থেকে এই আবেদন জানাচ্ছি।” তারা পাকিস্তান সরকারকে ইমরান খানের পছন্দমতো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ, পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী কারাবন্দি অধিকার নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন।
আরটিভি/এসকে





