আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক অ্যামেলিয়া কের। টানা ১০ ইনিংসে ৩০ বা তার বেশি রান করে বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এই কীর্তি গড়েন কের। সর্বশেষ ১০ ইনিংসে (১১ ম্যাচে) তিনি করেছেন মোট ৫৫৪ রান, যেখানে তার স্ট্রাইক রেট ১৪২। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান কার্যকর এই ক্রিকেটার নিয়েছেন ১২টি উইকেট, ইকোনমি রেট ৬.৭৪।
রোববার(২২ মার্চ) ওয়েলিংটনে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৫৯ রান। জবাবে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
এই ম্যাচে ৩১ রান করেন কের। তবে জয়ের নায়ক ছিলেন সোফি ডিভাইন, যিনি ৩৪ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
পুরো সিরিজেই ধারাবাহিক ছিলেন কের। মাউন্ট মঙ্গানুইতে প্রথম ম্যাচে ৪৪ বলে ৭৮, হ্যামিল্টনে ১৮ বলে ৩২ এবং অকল্যান্ডে ২৮ বলে ৩০ রান করেন তিনি।
এর আগে, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৯ ইনিংসে ৩০+ রানের রেকর্ড ছিল চামারি আতাপাত্তু ও রেবেকা ব্লেকের। এবার তাদের ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠলেন কের। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
আরটিভি/এসকে



