আন্তর্জাতিক ক্রিকেটের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন ম্যাচ ঘুরিয়েছেন, তেমনি বল হাতেও হয়েছেন কার্যকর। এবার তার সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক প্রখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের নির্বাচিত আইপিএলের অ-ভারতীয় এশিয়ান সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার উইজডেন আইপিএলে খেলা এশিয়ার অ-ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এই সেরা একাদশ প্রকাশ করে। সেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব।
২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে ১০ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৭১টি ম্যাচ। এ সময়ে তিনি ১৯.৮২ গড়ে এবং ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান। তবে আইপিএলে বোলিংয়েই তিনি ছিলেন বেশি সফল। ৭.৪৩ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৬৩টি উইকেট।
উইজডেনের এই একাদশে সাকিবকে রাখা হয়েছে পাঁচ নম্বরে। উইজডেনের ঘোষিত এই একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার এসেছে শ্রীলঙ্কা থেকে মোট ছয়জন। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে আছেন দুজন করে ক্রিকেটার।
ওপেনিংয়ে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া এবং আফগান উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে।
তিন ও চার নম্বরে আছেন শ্রীলঙ্কার দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
মিডল অর্ডারে সাকিবের সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজহার মাহমুদ ও থিসারা পেরেরা।স্পিন বিভাগে রাখা হয়েছে কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ও আফগান তারকা রশিদ খানকে। পেস আক্রমণে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ইয়র্কার-স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা এবং পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর।
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তানভীর এবং সেবার রাজস্থান রয়্যালসের শিরোপাজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উইজডেনের অ-ভারতীয় এশিয়ান সেরা একাদশ
সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মাহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর, লাসিথ মালিঙ্গা।
আরটিভি/এসকে



