রিয়ালের জালে ১২ গোল দিয়ে টানা অষ্টমবার সেমিতে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৫:৪৫ পিএম


রিয়ালের জালে ১২ গোল দিয়ে টানা অষ্টমবার সেমিতে বার্সেলোনা
ছবি: সংগৃহীত

মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত দাপট দেখিয়ে টানা অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ১২-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ফিরতি লেগের ‘এল ক্লাসিকো’তে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ঘরের মাঠে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে রিয়াল মাদ্রিদকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তারা।

এর আগে, গত ২৫ মার্চ প্রথম লেগে মাদ্রিদে ৬-২ গোলে জয় পেয়েছিল বার্সা। ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১২-২। শুধু তাই নয়, গত আট দিনের মধ্যে রিয়ালের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই তিন ম্যাচে তারা করেছে ১৫ গোল, হজম করেছে মাত্র ২টি।

বিজ্ঞাপন

মেয়েদের রিয়াল-বার্সা দ্বৈরথে এখন পর্যন্ত ২৫ ম্যাচে এটি বার্সেলোনার ২৪তম জয়। সাম্প্রতিক এই দাপুটে পারফরম্যান্সে দলটি যে কতটা ছন্দে আছে, সেটিই আবারও প্রমাণ হলো।

ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই গোলের সূচনা করেন বার্সার তারকা অ্যালেক্স পুতেয়াস। এটি ছিল বার্সেলোনার জার্সিতে তার ৫০০তম ম্যাচ, আর গোলটি ছিল তার ২৩০তম। ব্যক্তিগত এই মাইলফলকের রাতটিকে আরও স্মরণীয় করে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

বিজ্ঞাপন

বার্সার হয়ে জোড়া গোল করেন গ্রাহাম হানসেন। এছাড়া একটি করে গোল করেন ইরিনে পারেদেস, ইউয়া পাজর, ইসমে ব্রুগটস।

এই জয় শুধু মেয়েদের এল ক্লাসিকোতে বার্সেলোনার সবচেয়ে বড় ব্যবধানের জয়ই নয়, বরং মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ব্যবধানে হারও।

বিজ্ঞাপন

সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখের মহিলা ফুটবল দল। চলতি মৌসুমের লিগ পর্বে গত অক্টোবরে এই জার্মান দলটিকে ৭–১ গোলে হারিয়েছিল বার্সা। ফলে শেষ চারের লড়াইয়ে তারাই যে ফেভারিট হিসেবে নামবে, তা বলাই যায়।

গত মৌসুমে আর্সেনালের কাছে শিরোপা হারানোর পর এবার ট্রফি পুনরুদ্ধারের মিশনে রয়েছে বার্সেলোনা। চলতি আসরের লিগ পর্বও তারা শেষ করেছে শীর্ষে থেকে। ওই পর্বে তারা ২০ গোল করেছে, হজম করেছে মাত্র ৩টি।

ম্যাচ শেষে দলের জয় এবং ব্যক্তিগত মাইলফলক দুই আনন্দই একসঙ্গে উদ্‌যাপন করেন অ্যালেক্স পুতেয়াস। সতীর্থদের কাঁধে চড়ে তিনি উদ্‌যাপন করেন বিশেষ এই রাত। গ্যালারিতে তখন সমর্থকেরা একসুরে তার নাম ধরে স্লোগান দিচ্ছিলেন।

আরও পড়ুন

ম্যাচ শেষে ডিজনি প্লাসকে পুতেয়াস বলেন, আমি ভীষণ কৃতজ্ঞ, নিজেকে খুব ভালোবাসায় ঘেরা মনে হচ্ছে। সমর্থকেরা সেরা, আমি সব সময়ই এটা বলি। এই দলের সবচেয়ে বড় শক্তি সমর্থকদের সঙ্গে আমাদের সম্পর্ক। কারণ, আমরা সব সময় মাঠে নামি জার্সিটাকে সর্বোচ্চভাবে প্রতিনিধিত্ব করার চেষ্টা নিয়ে। দিনের শেষে এমন কিছু দেখা সত্যিই আবেগের।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission