ক্রিকেট ভেন্যুর নিরাপত্তা জোরদারে বিসিবি ও আনসারের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৮:৩০ পিএম


ক্রিকেট ভেন্যুর নিরাপত্তা জোরদারে বিসিবি ও আনসারের সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে সমন্বিত, আধুনিক ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রীড়াঙ্গনের নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বড় পরিসরের আয়োজন নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিসিবির এডহক কমিটির সদস্য ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ।

আনসার ও ভিডিপির মহাপরিচালক বলেন, বিসিবির সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা এখন এই চুক্তির মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেল। তিনি আশা প্রকাশ করেন, ক্রীড়াঙ্গনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আনসার সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বিসিবির সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

চুক্তি অনুযায়ী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনা এই সাতটি স্টেডিয়ামে মোট ২৭২ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। এর আগে মিরপুর, কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামে ১০৭ জন সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী এবং হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামিম ফরহাদ (অব.)।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission