অরল্যান্ডো সিটির কাছে গত ম্যাচে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে ‘দ্য হেরন্স’রা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল মায়ামি।
টরন্টোর বিএমও ফিল্ডে এদিন মেসি নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এই ম্যাচের মাধ্যমেই এমএলএস ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলে সরাসরি অবদান রাখার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা। ১০০তম গোল অবদানে (৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট) পৌঁছাতে মেসির লেগেছে মাত্র ৬৪ ম্যাচ। এর আগে এই রেকর্ড করেছিলেন টরন্টোর সাবেক তারকা সেবাস্টিয়ান জিওভিনকোর। তিনি ৯৫ ম্যাচে এই কীর্তি করেছিলেন।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মায়ামির। প্রথমার্ধে রদ্রিগো ডি পলের দুর্দান্ত এক ভলিতে লিড নেয় সফরকারীরা। ডি পলের নেওয়া ফ্রি-কিক প্রথমে প্রতিপক্ষের রক্ষণভাগে লেগে ফিরে আসলেও ফিরতি শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। মেসির নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এরপর ৭২ মিনিটে মেসির নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে স্কোরলাইন ৩-০ করেন সার্জিও রেগুইলন।
সহকারী থেকে গোলদাতার ভূমিকায় ফিরতে খুব বেশি সময় নেননি এলএম১০। ৭৪ মিনিটে ডি পলের সাথে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর থেকে চমৎকার এক কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন মেসি। যদিও শেষ দিকে মায়ামির রক্ষণভাগের ঢিলেমিতে টরন্টোর এমিলিও আরিস্তিজাবাল দুটি গোল শোধ করেন, তবে তা মায়ামির জয় আটকাতে পারেনি।
এই জয়ের পর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্স টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির জার্সিতে এখন মেসির গোল সংখ্যা ৮৭ আর অ্যাসিস্ট ৫৭টি।
আরটিভি/এআর



