২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দুশ্চিন্তায় ফেলেছেন ভক্তদের।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি।
আর সেই দল ঘোষণার আগে নেইমারের নতুন চোটের খবর উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের মধ্যে।
গত রাতে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। নিজেকে ফিট প্রমাণের শেষ সুযোগ হিসেবেই দেখা হচ্ছিল ম্যাচটিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই সাইডলাইনে গিয়ে কাফে স্প্রে নিতে দেখা যায় তাকে।
এরপরই নতুন করে চোটের শঙ্কা ছড়িয়ে পড়ে। ম্যাচ চলাকালীন কিছু সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয়েছিল নেইমারকে। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, পায়ে আঘাত পাওয়ায় আগামী বুধবার সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে তার খেলা অনিশ্চিত।
কুকা বলেন, ‘ও যে আঘাত পেয়েছে, সেটা পেশিতে নয়। তাই বুধবারের ম্যাচে ওকে পাওয়া কঠিনই মনে হচ্ছে। তবে এটা বড় কিছু নয়। চার-পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় দলে ডাক পাওয়া বা না পাওয়া আমাদের ভাবনায় প্রভাব ফেলছে না, আমরা এখন নিজেদের নিয়েই ভাবছি।’
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে তার গোল ৭৯টি। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি।
এখন দেখার বিষয়, শারীরিক এই অনিশ্চয়তার মধ্যেও আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা পান কিনা নেইমার।



