১০ নম্বর জার্সি ফিরে পেলে যে রেকর্ডে নাম লিখবেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৩:০৯ পিএম


১০ নম্বর জার্সি ফিরে পেলে যে রেকর্ডে নাম লিখবেন নেইমার
নেইমার। ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নেইমারকে ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। নতুন কোচ  কার্লো আনচেলত্তি শেষ মুহূর্তে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। ফলে আবারও সেলেসাওদের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে দেখা যেতে পারে এই তারকাকে। আর সেটি হলে কিংবদন্তি পেলের একটি ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার। 

নেইমার প্রথমবার ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেন ২০১৪ বিশ্বকাপে। এরপর ২০১৮ ও ২০২২ আসরেও একই জার্সিতে খেলেছেন। এখন পর্যন্ত বিশ্বকাপে ১৩ ম্যাচে তার গোল ৮টি, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। আসন্ন বিশ্বকাপেও যদি ১০ নম্বর জার্সি তার কাঁধে ওঠে, তাহলে পেলের মতো চারটি বিশ্বকাপে এই মর্যাদাপূর্ণ জার্সি পরার কীর্তি গড়বেন তিনি।

২০২৩ সালের পর থেকে ব্রাজিল দলে অনিয়মিত ছিলেন নেইমার। এই সময়ে জাতীয় দলের ১০ নম্বর জার্সিতে দেখা গেছে ভিনিসিয়াস জুনিয়রকে। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই জার্সি পরে খেলেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে নেইমারের প্রত্যাবর্তনের ফলে আবারও পুরোনো মালিকের কাছেই ফিরছে ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সিটি। 

২০২৪ কোপা আমেরিকায় ১০ নম্বর জার্সি পরার কথা ছিল রদ্রিগোর। কিন্তু ইনজুরির কারণে তিনি ছিটকে যান দল থেকে। পরে তিনি জানিয়েছিলেন, এই জার্সি মূলত নেইমারেরই।

রদ্রিগো বলেছিলেন, আমি এখন ১০ নম্বর জার্সি পরলেও এটি আসলে নেইমারের। আমি শুধু সাময়িকভাবে এটি ব্যবহার করছি। আমরা সবাই তার ফেরার অপেক্ষায় আছি।

পেলে ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। তার হাত ধরেই বিশ্ব ফুটবলে এই জার্সি পায় আলাদা মর্যাদা। মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপেই গোল, ফাইনালে অসাধারণ পারফরম্যান্স এবং শিরোপা জয়ের মাধ্যমে পেলে ১০ নম্বর জার্সিকে কিংবদন্তির আসনে বসান।

যদিও ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে ইনজুরি তাকে ভুগিয়েছে, তবুও ১৯৭০ সালে চতুর্থ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের শেষটাকে স্মরণীয় করে রাখেন তিনি।

এবার সেই ইতিহাসের পাশে নিজের নাম লেখানোর সুযোগ পাচ্ছেন নেইমার। তবে পেলের মতো বিশ্বকাপ শিরোপা এখনও ছোঁয়া হয়নি তার। নতুন কোচ আনচেলত্তির আস্থায় শেষবারের মতো হয়তো সেই স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

২০২২ বিশ্বকাপের পর ইনজুরি ও ক্লাব পরিবর্তনের কারণে জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission