বিশ্বকাপ জিতবে কোন দল, ভবিষ্যদ্বাণী দিলো জেমিনি-কোপাইলট-চ্যাটজিপিটি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১০:২৯ পিএম


বিশ্বকাপ জিতবে কোন দল, ভবিষ্যদ্বাণী দিলো জেমিনি-কোপাইলট-চ্যাটজিপিটি
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর বেশি দেরি নেই। তবে টুর্নামেন্ট শুরুর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন চ্যাটবটের পূর্বাভাসে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে ফ্রান্সের নাম।

একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছে তারা; শিরোপার দৌড়ে ফ্রান্সের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে স্পেন। 

সম্প্রতি মাইক্রোসফটের মাইক্রোসফট কোপাইলট, চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনিকে জিজ্ঞেস করা হয়, ‘২০২৬ বিশ্বকাপ কে জিতবে?’

প্রথমে একাধিক দলের নাম সামনে আনলেও পরে চূড়ান্ত পূর্বাভাস দেয় চ্যাটবটগুলো। এর মধ্যে কোপাইলট ও চ্যাটজিপিটি দু’টিই ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেয়। অন্যদিকে জেমিনির পছন্দ স্পেন।

কোপাইলটের মতে, ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের ‘এলিট ডেপথ’ বা প্রতিভাবান খেলোয়াড়ের ভাণ্ডার। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড়রা এখন ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন। পাশাপাশি টানা দুই বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতাও ফরাসিদের এগিয়ে রাখছে বলে মনে করছে এআই টুলটি।

চ্যাটজিপিটিও প্রায় একই ব্যাখ্যা দিয়েছে। তাদের ভাষায়, ফ্রান্স ‘সামান্য ব্যবধানে ফেবারিট’। তবে লামিনে ইয়ামালের মতো তরুণ তারকাদের কারণে স্পেনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জার হিসেবে দেখছে তারা।

অন্যদিকে জেমিনি জানিয়েছে, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটার তথ্য অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.০৮ শতাংশ। জেমিনির মতে, দলটির কৌশলগত সমন্বয়, বল দখলে আধিপত্য এবং ইউরো ২০২৪ জয়ী তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখছে।

তবে সব পূর্বাভাসের বাইরে ভিন্ন মত দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিলেন তিনি। তার তৈরি বিশেষ অর্থনৈতিক ও ক্রীড়া তথ্যভিত্তিক মডেল অনুযায়ী, এবার চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। ফাইনালে তারা হারাবে পর্তুগালকে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যৌথ আয়োজক মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।  ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
সূত্র: এএস স্পোর্টস

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission