বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৯:২৪ এএম


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড
সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড। ছবি: সংগৃহীত

৯৬ বছরের ফিফা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচেই দেখা গেল তিনটি লাল কার্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারির পকেট থেকে বের হওয়া তিনটি লাল কার্ড।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের পর্দা ওঠে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও দুই দলের তিন ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখান, যা বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা।

ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে এবং ৮৪তম মিনিটে থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একই পরিণতি বরণ করেন মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেস।

বিশ্বকাপে সর্বশেষ ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার আসর মিলিয়ে পুরো টুর্নামেন্টে মাত্র চারটি করে লাল কার্ড দেখা গিয়েছিল। সেখানে ২০২৬ আসরের প্রথম ম্যাচেই দেখা গেল তিনটি লাল কার্ড, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপে এক ম্যাচে তিন বা তার বেশি লাল কার্ড দেখানোর ঘটনা এর আগে সাতবার ঘটলেও কোনোবারই তা উদ্বোধনী ম্যাচে হয়নি। ফলে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন রেকর্ড গড়েছে।

বিশ্বকাপে প্রথমবার তিন লাল কার্ড দেখা গিয়েছিল ১৯৩৮ সালের আসরে ব্রাজিল ও তৎকালীন চেকোশ্লোভাকিয়ার মধ্যকার বিখ্যাত ‘ব্যাটল অব বোর্দো’ ম্যাচে। পরে ১৯৫৪ সালের ‘ব্যাটল অব বার্ন’ নামে পরিচিত ব্রাজিল-হাঙ্গেরি ম্যাচেও দেখা যায় তিনটি লাল কার্ড। দীর্ঘ বিরতির পর ১৯৯৮ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ডেনমার্কের ম্যাচে আবারও তিন লাল কার্ডের নজির গড়ে।

তবে বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ চারটি লাল কার্ডের রেকর্ড রয়েছে ২০০৬ জার্মানি বিশ্বকাপের নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচে। ‘ব্যাটল অব নুরেমবার্গ’ নামে পরিচিত সেই ম্যাচে দুই দলের চার ফুটবলার মাঠ ছাড়তে বাধ্য হন। একই আসরে মোট ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল, যা এখনো একক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ।

আরও পড়ুন

লাল কার্ডের সংখ্যার বিচারে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে ২২টি, ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে ১৭টি, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ১৭টি, ১৯৯০ ইতালি বিশ্বকাপে ১৬টি এবং ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ১৫টি লাল কার্ড দেখানো হয়েছিল।

২০২৬ বিশ্বকাপের সূচনাতেই তিন লাল কার্ডের এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে, এবারের আসরে শৃঙ্খলা ও রেফারিং নিয়ে আলোচনা আরও জোরালো হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission