ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের স্বপ্ন শেষ, হতাশায় অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:১০ এএম
ওয়াতারু এন্দো। ছবি: সংগৃহীত

চোটের কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ওয়াতারু এন্দো। বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা থেকেই ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলকে বিদায় জানান।

আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন দিন আগে নিশ্চিত হয়, পায়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে অংশ নিতে পারবেন না এন্দো।

২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলছে জাপান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া। ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান এন্দো। সেই চোটের কারণে মৌসুমের বাকি অংশে মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরলেও দ্বিতীয়ার্ধে অস্বস্তি অনুভব করায় আর খেলা চালিয়ে যেতে পারেননি।

বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি এন্দো। এমনকি গত সোমবার ন্যাশভিলে জাপান দলের বেস ক্যাম্পেও যোগ দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চিকিৎসক ও কোচিং স্টাফের মূল্যায়নে বিশ্বকাপে তার অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়ে।

অবসরের ঘোষণা দিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এন্দো লিখেছেন, “ভবিষ্যতে নিশ্চয়ই এমন সময় আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। সেই বিশ্বাস নিয়েই দলকে সমর্থন দিয়ে যেতে হবে। আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন সমর্থক হিসেবে জাপানকে উৎসাহ দেব।”

তিনি আরও বলেন, ইনজুরির পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই কোনো আক্ষেপ নেই। তবে বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট অবশ্যই রয়েছে। কাতার বিশ্বকাপে এই দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। তখন আমরা এমন একটি মানসিকতা গড়ে তুলেছিলাম, যেখানে বিশ্বকাপ জয়ই ছিল আমাদের লক্ষ্য।

২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া এন্দো জাপানের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৪টি গোল। তিনি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। বিশেষ করে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে আলোড়ন তোলা জাপান দলের অন্যতম নেতা ছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

আরও পড়ুন

জাতীয় দল থেকে অবসর নিলেও জাপানের ফুটবল ইতিহাসে একজন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন ওয়াতারু এন্দো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে ঢাকায়। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ ছাড়া প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে।  সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১৪২টি। বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ।  এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছে দেশটি। আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপায় ঘরে তুলেছেন লিওনেল মেসি। তবে স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই প্রশ্নের উত্তর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি।  সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার সেই নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে ফাঁস হয়েছে, তা জানা যায়নি। কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র নম্বরপত্রে দেখা যাচ্ছে, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে। মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে। স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।  তিনি বলেন, সে (মেসি) খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন। এর আগে রোজারিওতে শৈশব স্মরণ করে মেসি বলেছিলেন, সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না। বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন। আরটিভি/এসআর
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
ফুটবল মাঠে গোলের লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়মিত ঘায়েল করেন আর্লিং হালান্ড। তবে এবার মাঠের বাইরে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকস বিক্রি, পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াই
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান