মানসিকভাবে ভেঙে পড়েছেন মেসি, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৯:৩৯ এএম


মানসিকভাবে ভেঙে পড়েছেন মেসি, ঘটনা কী
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে মানসিকভাবে ভেঙে পড়েছেন লিওনেল মেসি। বাবার অসুস্থতায় সারাদিন মন খারাপ করে হোটেলবন্দি হয়ে থাকেন তিনি। 

মেসির মানসিক অবস্থা অস্ট্রিয়া ম্যাচের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে জানা গেছে, বাবা হোর্হে মেসি হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আর্জেন্টিনায় হোর্হে মেসির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার দিনই মেসির মিডিয়া অফিস থেকে এই বিবৃতিটি দেওয়া হয়। 

আরও পড়ুন

বিবৃতিতে জানিয়েছে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। 

মেসির পরিবার জানায়, এমন সময়ে আমরা সবার দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিকতা আশা করি। কোনো মানুষের স্বাস্থ্য বা তার পরিবারের মানসিক শান্তি কখনোই মুখরোচক খবর বা দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার বিষয় হতে পারে না।

গত মঙ্গলবার বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটি করার পর জার্সি দিয়ে চোখ মুছতে দেখা যায় মেসিকে। এরপর থেকেই তার বাবা হোর্হের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

সেই কান্না নিয়ে মেসি বলেন, ‌‌প্রথম গোলের পর আমার কান্না? গত কয়েকটা দিন আমার খুব কঠিন কেটেছে। তবে এর সাথে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। পারিবারিক কারণেই আবেগ ধরে রাখতে পারিনি। কঠিন সময়ে পাশে থাকার জন্য আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সবাইকে ধন্যবাদ জানাই।
 
লিওনেল মেসির ক্যারিয়ারের পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবা হোর্হের। তিনি একাধারে মেসির এজেন্ট এবং মাঠের বাইরের সমস্ত ব্যবসায়িক দিক দেখভাল করতেন।

২০০০ সালের শুরুর দিকে ক্ষুদে মেসিকে নিয়ে বার্সেলোনায় এসেছিলেন হোর্হে। স্প্যানিশ ক্লাবটির বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’তে ট্রায়ালের ব্যবস্থা করেছিলেন তিনিই। বার্সেলোনার সাথে মেসির চুক্তি থেকে শুরু করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইন্টার মায়ামিতে ট্রান্সফারের সব আলাপ-আলোচনা হোর্হে নিজেই সেরেছেন। 

এর পাশাপাশি ছেলের ইমেজ রাইটস এবং রিয়েল এস্টেট, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার মতো নানা বিনিয়োগও পরিচালনা করেন তিনি। তবে ২০১৬ সালে স্পেনে একটি কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মেসি ও তার বাবা। কিন্তু সাজা দুই বছরের কম হওয়ায় সেবার তাদের জেল খাটতে হয়নি।

বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন মেসি। অস্ট্রিয়া ছাড়াও গ্রুপে আলবিসেলেস্তেদের আরেক সঙ্গী জর্ডান।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission