ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১০:২৩ এএম


ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। ইনজুরির কারণে দলের অন্যতম তারকা ডাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারছেন না। 

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্রয়ের সময় বাম হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর গ্রুপ পর্বে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠে নামতে পারেননি তিনি। নাসভিলে দলের বেস ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও শেষ অনুশীলনেও মূল দলের সঙ্গে যোগ দেননি কুবো।

জাপানের প্রধান কোচ মোরিয়াসু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, কুবো এখনও ব্যক্তিগতভাবে রানিং ও ট্রেনিং করছেন। ফলে ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্রুত তার সুস্থ হয়ে দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে চমক দেখানোর স্বপ্ন দেখছে জাপান। কোচ মোরিয়াসু মনে করিয়ে দেন, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল তার দল। সেই স্মৃতিই আত্মবিশ্বাস জোগাচ্ছে সামুরাই ব্লুদের।

মোরিয়াসু বলেন, ব্রাজিল শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও তার দল নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছে। তবে অতীতের মতো এবারও সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়ার বিশ্বাস রয়েছে তাদের।

আরও পড়ুন

এদিকে, ম্যাচ টাইব্রেকারে গড়ালে আগের ভুলের পুনরাবৃত্তি করতে চান না জাপানের কোচ। ২০২২ ফিফা বিশ্বকাপে   টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পেনাল্টি শুটআউটে কে কোন ক্রমে শট নেবেন, সেটি আগে থেকেই কোচ নিজেই নির্ধারণ করে রাখবেন বলে জানিয়েছেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission