নেইমারকে কেন মাঠে নামাননি আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৬:০৯ এএম


নেইমারকে কেন মাঠে নামাননি আনচেলত্তি
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে টাচলাইনের পাশে গা গরম করতে দেখা যাচ্ছিল নেইমার জুনিয়রকে। জাপানের লো ব্লক ডিফেন্স ভাঙতে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামাবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দেখতে দেখতে ৯০ মিনিট পেরিয়ে গেলেও নেইমারের দেখা নেই।

জয়সূচক গোলের জন্য মরিয়া কোচ কি তবে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার ওপর ভরসা রাখতে পারছেন না? গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে অন্তিম মুহূর্তে ব্রাজিল জয় পেলেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেক সমর্থকের মনেই।

আনচেলত্তি এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ম্যাচের পর। সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিতের পর ব্রাজিলের এই ইতালিয়ান কোচ জানিয়েছেন, কেন নেইমারকে মাঠে নামানো হয়নি।

ব্রাজিল কোচের দাবি, অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে দলকে জয় এনে দেওয়ায় আর তার প্রয়োজন পড়েনি।

আনচেলত্তি বলেন, 'আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম; পরিকল্পনা ছিল তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামানো। কিন্তু আমরা সমতায় ফিরলাম, এরপর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।'

দ্বিতীয়ার্ধে নেইমারকে সাইডলাইনে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। ম্যাচের ২৫ মিনিটের দিকে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। তবে কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে ওয়ার্ম-আপ থেকে ফিরিয়ে নেন এবং অন্য খেলোয়াড়দেরই মাঠে রাখেন।

ম্যাচে প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরান, আর শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচ শেষে আনচেলত্তি ব্রাজিল দলের গভীরতা ও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, 'আমাদের দলে অনেক বিকল্প রয়েছে, মাঠে এবং বেঞ্চে দুই জায়গাতেই। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো পারফর্ম করছে, এটাকে আমাদের মূল্য দিতে হবে। এটি ছিল খুব কঠিন একটি ম্যাচ। জাপান সহজ প্রতিপক্ষ নয়; তারা খুবই তীব্র এবং দারুণ সংগঠিত একটি দল।'
 
জাপানকে হারিয়ে এখন ব্রাজিল অপেক্ষা করছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের জন্য। আগামী মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নরওয়ে-আইভরি কোস্টের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আগামী ৫ জুলাই শেষ ১৬–এর লড়াইয়ে আবারও মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission