ম্যাচের আগে ভায়াগ্রা নিতে পারবেন কেইনরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৮:৩৯ পিএম


ম্যাচের আগে ভায়াগ্রা নিতে পারবেন কেইনরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্নধর্মী প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। উচ্চতাজনিত শারীরিক সমস্যা মোকাবিলায় প্রয়োজনে খেলোয়াড়দের ভায়াগ্রা (সিলডেনাফিল) ব্যবহারের অনুমতি দিয়েছে দলের মেডিক্যাল টিম। তবে এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; প্রয়োজন মনে করলে তবেই ব্যবহার করা হবে।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার (প্রায় ৭,৩৫০ ফুট) উঁচুতে অবস্থিত। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের ঘনত্ব তুলনামূলক কম থাকায় খেলোয়াড়দের শ্বাস-প্রশ্বাস, সহনশীলতা ও শারীরিক সক্ষমতার ওপর প্রভাব পড়তে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও দলের চিকিৎসকরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি বিবেচনা করছেন।

নিউজবাংলা আঠেরোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল উচ্চতাজনিত কিছু শারীরিক সমস্যায় ফুসফুসের রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। যদিও এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার ফল এখনো মিশ্র। ফলে এটি কার্যকর হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে একটি বিষয় নিশ্চিত ভায়াগ্রা বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ডব্লিউএডিএ)-এর নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই। তাই নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার সময় কিংবা তার বাইরে খেলোয়াড়রা চিকিৎসাগত প্রয়োজন হলে এটি ব্যবহার করতে পারেন।

অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড শিবির প্রকাশ্যে উচ্চতা বা পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। বরং দলটি পুরোপুরি ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগী।

রাউন্ড অব ১৬-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও আজতেকায়, যেখানে স্বাগতিক মেক্সিকোর রেকর্ড অত্যন্ত শক্তিশালী। নিজেদের মাঠে ৮৯ ম্যাচে মাত্র দুটি হার দেখেছে মেক্সিকো, সর্বশেষ পরাজয় ২০১৩ সালে। চলতি বিশ্বকাপেও তারা এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে ইংল্যান্ডও তারকাসমৃদ্ধ দল নিয়ে শিরোপার লড়াইয়ে রয়েছে। তবে আগের রাউন্ডে ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ মুহূর্তে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় সতর্ক রয়েছে থ্রি লায়ন্সরা। তাই ফুটবলের বাইরের কোনো শারীরিক প্রতিকূলতা যেন ম্যাচের ফল নির্ধারণে প্রভাব না ফেলে, সেজন্যই সব ধরনের বৈজ্ঞানিক বিকল্প খোলা রাখছে ইংল্যান্ড।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission