মেসিদের সামনে মিশরের নতুন অস্ত্র

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৮:০৫ পিএম


মেসিদের সামনে মিশরের নতুন অস্ত্র

মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। তবে শুধু সালাহ নন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন দলটির তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। বয়স মাত্র ১৮। কিছুদিন আগেই নাম লিখিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। ইতোমধ্যে মিশরের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেকের রেকর্ডও গড়ে ফেলেছেন। বলা হচ্ছে, চলতি বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার সে। মিশরীয় গণমাধ্যমগুলো তার নাম দিয়েছে ‘নতুন সালাহ’।
 
আজ শেষ ১৬-র হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে এই তরুণ তুর্কি হুঙ্কার দিয়েছেন, “আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়।”

সিনিয়র জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই মিশরের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এই তরুণ স্ট্রাইকার। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে মাঠে নেমে বহুকাঙ্ক্ষিত অভিষেকটাও সেরে ফেলেছেন। এবার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙা। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মানসিকতা প্রকাশ করে হামজা বলছিলেন, ‘আমি যখন মাঠে নামি, স্রেফ নিজের খেলাটা উপভোগ করি। মাঠের বাইরে কে কী বলল বা করল, তা নিয়ে আমি একদমই ভাবি না। আমার পুরো মনোযোগ শুধুই মাঠের খেলায়।’

হামজাকে মিশরের ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে। সেও স্বীকার করেছেন তার আইডল সালাহ।  হামজা বলেন, ‘তিনি শুধু আমার নয়, সালাহ পুরো দলের মেন্টর। তিনি সব অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেন। সালাহর মতো ক্যারিয়ার গড়া অবিশ্বাস্য ব্যাপার। তার পাশে থাকা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়া এবং অনেক বড় সম্মানের।’

আরও পড়ুন

কে এই হামজা আবদেলকারিম?

২০০৮ সালের ১ জানুয়ারি কায়রোতে জন্ম নেওয়া এই স্ট্রাইকারের ফুটবলে হাতেখড়ি মালয়েশিয়ায়, যেখানে তার বাবা ভলিবল কোচ হিসেবে কাজ করতেন। ২০২০ সালে তিনি মিশরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির যুব একাডেমিতে যোগ দেন। এরপর শুধুই ওপরে ওঠার গল্প। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৭ বছর এক মাস বয়সে আল আহলির মূল দলে অভিষেক করে চলতি শতাব্দীতে ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।

মিশরের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২১ ম্যাচে ১২ গোল করার পর ইউরোপীয় স্কাউটদের নজরে আসেন হামজা। ফেইনুর্ড তাঁকে দলে নিতে চাইলেও আল আহলি চুক্তি নবায়ন করে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনা তাকে ধারে ‘বার্সেলোনা বি’ দলের জন্য নিয়ে আসে।

‘নতুন সালাহ’ খেতাব পাওয়া হামজা বার্সার যুব দলের হয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েন। মাঠে নামার মাত্র ১৫ মিনিটের মধ্যে হেডে হ্যাটট্রিক করে দলকে লিগ শিরোপা জেতান। এরপর বার্সা বি টিমের হয়ে ১১ ম্যাচে ৮ গোল করার পর বার্সেলোনা ১.৫ মিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ দিয়ে তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। বার্সার মূল দলের কোচ হ্যান্সি ফ্লিকও নিশ্চিত করেছেন, আগামী প্রি-সিজন ট্যুরে হামজা তার পরিকল্পনায় আছেন।

ইউরোপ মাতানো এই বিস্ময় বালককে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করেছেন। উইঙ্গারনির্ভর মিশরীয় স্কোয়াডে হামজাই একমাত্র খাঁটি ‘নাম্বার নাইন’ (স্ট্রাইকার)। আজ রাতে মেসি-স্কালোনিদের ডিফেন্স লাইনের জন্য এই মিশরীয় রত্নই বড় মাথা ব্যথার কারণ হতে পারেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission