বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর একাধিক বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। ম্যাচ শেষ হতে মাত্র ১১ মিনিট বাকি থাকতেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
ম্যাচের শেষ দিকে মিশরের একটি পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। ওই সিদ্ধান্তকে ঘিরে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ। ডাগআউটে প্রতিবাদের কারণে হলুদ কার্ডও দেখেন হোসাম হাসান।
তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় ম্যাচ শেষে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ফেরার পথে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মিশর কোচ। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি গ্যালারির দিকে থুতু ছিটান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কারও দিকে থুতু নিক্ষেপ শারীরিক আক্রমণের আওতায় পড়ে। অভিযোগ প্রমাণিত হলে অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কারের মতো শাস্তি হতে পারে।
এদিকে ঘটনার সঙ্গে রাজনৈতিক ইস্যুও যুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে সরব হোসাম হাসান। ম্যাচ-পরবর্তী উত্তেজনার সময় আর্জেন্টিনার কিছু সমর্থক তার সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শন করলে তিনি আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ দাবির স্বাধীন ও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থানের কারণে রেফারিংয়ে কোনো প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে হোসাম হাসান সরাসরি অভিযোগ না এনে মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমরা একটি মানবিক বিষয় নিয়ে কথা বলছিলাম। যে মানুষটি তার দৃষ্টিশক্তি হারিয়েছে কিংবা যার হাত কেটে ফেলা হয়েছে, তাদের কষ্ট কি কেউ অনুভব করে? আমরা চাই ফুটবল যেন মানবতার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে।
এখন ফিফার শৃঙ্খলা কমিটি ঘটনাটির ভিডিও ও ম্যাচ-পরবর্তী প্রতিবেদন পর্যালোচনা করে হোসাম হাসানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেবে।
আরটিভি/এসকে



