ফাইনাল নিশ্চিত করে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৯:১১ এএম


ফাইনাল নিশ্চিত করে যা বললেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে এখন মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, ফাইনালে ওঠার অনুভূতি এবং সমালোচকদের জবাব সবকিছু নিয়েই কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় সংগীতের সময় থেকেই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।

অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল। জাতীয় সংগীতের মুহূর্তে আমরা বিশেষ অনুভূতি পেয়েছি। পুরো দল বুঝেছিল, এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছি।

ম্যাচে পিছিয়ে পড়ার পরও দলের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক।

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরেছি, বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।

বিশ্বকাপ শুরুর আগেই দলের সামর্থ্য নিয়ে নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল, এটা সত্যিই অসাধারণ অর্জন।

সমালোচকদের উদ্দেশেও বার্তা দেন মেসি। তার মতে, কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট না থাকলেও দল হিসেবে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিতে সক্ষম।

এই দল আমাকে অবাক করে না। অনেকের সন্দেহ ছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আমরা একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা দিতে পারি।

রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়ে মেসি বলেন, ফাইনাল হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

স্পেন দুর্দান্ত একটি দল। তাদের খেলার ধরন বহু বছর ধরে একই রকম। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই বিশেষ এবং আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, এই ম্যাচে হারার কোনো সুযোগ ছিল না।

আরও পড়ুন

এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে পারতাম না। যদি হেরে যেতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ সবকিছুই কাজ করে।

এখন বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার সামনে শেষ বাধা স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটি এবার সেই স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission