মাউরিসিও পচেত্তিনো যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের (ইউএসএমএনটি) প্রধান কোচ হিসেবে দায়িত্বে বহাল থাকার ঘোষণা দেওয়ার পর ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় জোর দিয়েছে মার্কিন ফুটবল। ২০৩০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আগে দলটির সামনে রয়েছে ২০২৭ কনকাকাফ নেশনস লিগ, ২০২৭ গোল্ড কাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।
এই লক্ষ্য সামনে রেখে আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে জায়গা পেতে পারেন ছয়জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানও।
ম্যাথিস অ্যালবার্ট
বরুসিয়া ডর্টমুন্ডের এই তরুণ ফরোয়ার্ড গতিময় ড্রিবলিং ও দুর্দান্ত টেকনিকে ইতোমধ্যেই নজর কেড়েছেন। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের পর তাকে নিয়ে বেশ আশাবাদী মার্কিন সমর্থকরা।
নোয়াকাই ব্যাংকস
অগসবার্গের ১৯ বছর বয়সী সেন্টার-ব্যাক নোয়াকাই ব্যাংকস ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কারণে শূন্যে বল দখলে দারুণ দক্ষ। নিখুঁত পাসিং ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি ইতোমধ্যেই একবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন, যদিও অভিষেক এখনও হয়নি।
বেন ক্রেমাসচি
ইতালিয়ান ক্লাব পার্মার হয়ে খেলছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অ্যাডিডাস গোল্ডেন বুট জেতা ক্রেমাসচি ইতোমধ্যেই পচেত্তিনোর অধীনে জাতীয় দলে খেলেছেন। ইনজুরি কাটিয়ে সিরি আ-তে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
জেভিয়ার গোজো
২০২৬ এমএলএস মৌসুমে ৬ গোল ও ৫ অ্যাসিস্ট করে আলোচনায় এসেছেন গোজো। গতি, এক-অন-এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর সক্ষমতা এবং বল হারানোর পর দ্রুত প্রেসিং করার মানসিকতা তাকে জাতীয় দলের সম্ভাব্য সদস্যদের তালিকায় রেখেছে।
জুলিয়ান হল
মাত্র ১৮ বছর বয়সেই চলতি মৌসুমে ৯ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন জুলিয়ান হল। ট্যাকটিক্যাল সচেতনতা ও দুর্দান্ত পজিশনিংয়ের পাশাপাশি এমএলএস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন তিনি।
কাভান সুলিভান
বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভান বর্তমানে এমএলএসের ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এমএলএসেও ইতোমধ্যে প্রায় ৩০টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার আক্রমণাত্মক মানসিকতা, সৃজনশীলতা এবং ম্যাচে প্রভাব বিস্তারের ক্ষমতা পচেত্তিনোর কৌশলের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।
ফিফার বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যেই কাভান সুলিভানসহ এই ছয় তরুণ যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে সুযোগ পেতে পারেন। বিশেষ করে কাভানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকলে খুব শিগগিরই ইউএসএমএনটির জার্সিতে তার অভিষেক দেখা যেতে পারে।
আরটিভি/এসকে



