চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে ২ টি-টোয়েন্টি এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩ ওয়ানডে ম্যাচ খেলবে মালয়েশিয়া।
সূচি অনুসারে, আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া ক্রিকেট দল। ৬ এবং ৭ আগস্ট মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে অংশ নেবে তারা। ৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লড়বে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া জাতীয় দল।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ ম্যাচ আগামী ১০ আগস্ট, মিরপুরেই। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টি-টোয়েন্টি শেষে ওয়ানডের লড়াইয়ে মাঠে নামবে মালয়েশিয়া ক্রিকেট দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১২, ১৪ এবং ১৬ আগস্ট মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। সিরিজের তিন ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। খেলার মাঝে যেসব দিনে বিরতি থাকবে সেসব দিনে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করবে মালয়েশিয়া ক্রিকেট দল।
আরটিভি/এসআর




