আর্কেড রেসিং গেমের ইতিহাসে এক অনন্য নাম ‘নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড’। ২০০৫ সালে মুক্তির পর থেকে এটি শুধু একটি ভিডিও গেম নয়, বরং এক প্রজন্মের গেমারদের আবেগ, নস্টালজিয়া এবং রোমাঞ্চের প্রতীক হয়ে দাঁড়ায়। রেসিং গেমের ভক্তদের কাছে এখনো এটি ‘সর্বকালের সেরা’ নিড ফর স্পিড গেম হিসেবে স্বীকৃত। খবর অপারেশন স্পোর্টসের।
যারা পুরোনো কোর টু ডু কম্পিউটারে এই গেমটি খেলেছেন, তারা নিশ্চয়ই মনে করতে পারেন পুলিশের ধাওয়া, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দমবন্ধ করা রেস এবং সেই বিখ্যাত ব্ল্যাকলিস্টের কথা। এক ভক্ত স্মৃতিচারণ করে বলেন, ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত পুলিশের ধাওয়া আর রেসের উত্তেজনায়। মনে হতো যেন সত্যিই আমি এক স্ট্রিট রেসারের জীবনে ঢুকে পড়েছি। ২০১২ সালে ইলেকট্রনিক আর্টস (ইএ) একই নামে নতুন সংস্করণ প্রকাশ করলেও তা ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপর ইএ বিভিন্ন নতুন নিড ফর স্পিড শিরোনাম প্রকাশ করলেও ২০০৫ সালের মোস্ট ওয়ান্টেড এখনো স্ট্রিট রেসিং যুগের সোনালি অধ্যায়ের প্রতীক হিসেবে থেকে গেছে।

স্মৃতিচারণ করে আরও বলেন, গেমটি শুধু নিড ফর স্পিড সিরিজের একটি অংশ ছিল না; এটি ছিল ২০০০-এর দশকের স্ট্রিট রেসিং সংস্কৃতির নিখুঁত প্রতিচ্ছবি। আজও যখন গেমাররা সেই পুরোনো মোস্ট ওয়ান্টেড চালু করেন, তখন মনে হয় - সব সময় যেন থেমে সেই পুরনো স্মৃতিতে ফিরে যায়।
আরটিভি/কেআই




