প্রেক্ষাগৃহে মুখোমুখি ফারিণ-স্পর্শিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১৯ মে ২০২৪ , ০৭:৫১ পিএম


প্রেক্ষাগৃহে মুখোমুখি ফারিণ-স্পর্শিয়া
ছবি : সংগৃহীত

ছোটপর্দার দুই তারকা তাসনিয়া ফারিণ ও অর্চিতা স্পর্শিয়া। আগামী শুক্রবার (২৪ মে) এই দুই অভিনেত্রী মুখোমুখি হতে হচ্ছেন প্রেক্ষাগৃহে। এদিন মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’ ও ‘সুস্বাগতম’ নামের দুটি  সিনেমা। 

এর মধ্যে ‘ফাতিমা’য় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার ট্রেলারটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। সবাই বলছেন, ভালো কিছুই হবে।

ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এই সিনেমায় ফারিণ ছাড়াও ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকাসহ আরও অনেকে অভিনয় করেছেন। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।

সিনেমাটি ভীষণ উচ্ছ্বসিত ফারিণ। সম্প্রতি ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে।’

অন্যদিকে, একজন নারী বিমানের পাইলট হবেন। আর এই স্বপ্ন বাস্তবায়নে তিনি রাত-দিন একাকার করে ফেলছেন। এমন গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘সুস্বাগতম’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এটি পরিচালনা করেছেন শফিকুল আলম। 

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী শিল্পী ও কলাকুশলীরা।

চিত্রনায়ক নিরব বলেন, আমাকে এই সিনেমায় দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের জন্য আমার চুল ও দাড়ি কাটতে হয়েছে। যেহেতু অভিনয়ই আমার কাছে সব। সেহেতু চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে আমি প্রস্তুত। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন।

অর্চিতা স্পর্শিয়া বলেন, এর আগে নিরবের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’-এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালকও কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission