নারায়ণগঞ্জের পূর্বাচলে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
পুলিশের পরিদর্শক মাহমুদুল হাসান বাদী হয়ে শনিবার মধ্যে রাতে মামলাটি করেন জেলা গোয়েন্দা কার্যালয়ে।
মামলার আসামিরা হলেন, গ্রেফতার শরীফ (৩৫), শাহীন ওরফে সানু (৩০), রাসেল (২৩), শান্ত (১৮), মুরাদ (২২) ও পলাতক হৃদয় (২৪)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বেআইনিভাবে অবৈধ অস্ত্র মজুদ করে রাখায় দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলাটিতে ওই ৬ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার ভোর থেকে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের যে ক্যানেল লেক থেকে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেখানে শনিবারও তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সেখানে নতুন করে কোনো অন্ত্র পাওয়া যায়নি। তবে রোববার সকাল থেকে সেখানে আরো ব্যাপকভাবে তল্লাশি করা হচ্ছে। পানি সেচে সেখানে তল্লাশি করা হবে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
গেলা বৃহস্পতিবার গভীর রাত থেকে রূপগঞ্জের পূর্বাচলে ৫ নম্বর সেক্টর ও পূর্বাচলের ব্লু সিটি হাউজিং এলাকাতে ৬২টি সাব মেশিন গান (এসএমজি), দূরবীন যুক্ত দুটি রকেট লঞ্চার, ৪৪টি ম্যাগজিন, ৭ পয়েন্ট ৬২ বোর ও নাইন এমএম ৫টি পিস্তল, দুটি ওয়াকিটকি, ৪২ হ্যান্ড গ্রেনেড ও ৫ বস্তা বিপুল সংখ্যক গুলি, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আর/এসএস




