রাজধানীতে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান বলেন, সোমবার দিবাগত রাতে পূর্ব গোড়ানের ৮ নম্বর বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে এক গৃহবধূর জালানার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, গৃহবধূর স্বামী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মৃতের নাম জেবুন্নেসা। তিনি জামালপুর সদরের নরুন্দি ইউনিয়নের তরফদার পাড়ার মৃত রেজাউল হকের মেয়ে ও বর্তমানে স্বামীর সঙ্গে খিলগাঁয়ের পূর্ব গোড়ানের বাসায় ভাড়া থাকতেন।
অপরদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বলেন, সোমবার মধ্যরাতে খবর পেয়ে দয়াগঞ্জের জেলেপাড়া দুর্গা মন্দিরের পাশে একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে এক ব্যক্তির সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মৃতের নাম গণেশ রাজবংশী। তিনি যাত্রাবাড়ীর দয়াগঞ্জের জেলে পাড়ার মৃত নিবারণ রাজবংশীর ছেলে।
আরটিভি/আইএম




