ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস।শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন নানা শ্রেণি-পেশার মানুষ। রেলপথ ও সড়কপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে সকাল থেকেই।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় পৌঁছেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে। ঢাকায় ফেরার ট্রেনগুলোতে যাত্রী উপস্থিতি ছিল বেশি। তবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন চাপ লক্ষ করা যায়নি।
কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল থেকে সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার বাইরে থেকে আসা বেশির ভাগ ট্রেনেই যাত্রীপূর্ণ ছিল।’ দুপুরের পর থেকে ঢাকায় ফেরার চাপ আরও বাড়বে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা তার।
সড়কপথেও একই চিত্র দেখা গেছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীবোঝাই বাস ঢুকছে। বিভিন্ন পরিবহনের কাউন্টার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে।
শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, আন্তনগর রুটে চলাচলকারী বাসগুলোর অধিকাংশ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ফলে আজ সারা দিন এবং রোববার সকাল পর্যন্ত যাত্রীদের চাপ অব্যাহত থাকতে পারে।
এদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চে করে ঢাকামুখী যাত্রী বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীচাপ থাকবে।
নির্বাচন উপলক্ষে আরোপিত যানবাহন চলাচলের বিধিনিষেধও আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। মোটরসাইকেল চলাচলেও আর কোনো নিষেধাজ্ঞা নেই।
আরটিভি/এমএইচজে



