কদিন ধরেই বৃষ্টি আর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সকাল হতেই রাতের অন্ধকার নেমে আসে রাজধানীতে। সকালবেলায় সন্ধ্যা নামা ভিন্ন এক ঢাকায় দেখা যায় নানান বিচিত্র্য দৃশ্য। আকাশ এতটাই মেঘাচ্ছন্ন যেন সন্ধ্যা নেমেছে! এ সময় রাস্তার মোড়ের সিগন্যালে রাস্তা পারাপারের অপেক্ষায় ছিলেন পথচারী।
বৃষ্টিতে অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেকে। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে ছোটাছুটি করতেও দেখা যায়। দৌড়ে অনেকে আশ্রয় নেন যাত্রী ছাউনিতে। কাকভেজা হয়ে গণপরিবহনে ওঠেন অনেকে।
ইতোপূর্বে ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা।
অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে গত এক দিনে ঢাকায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আজও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আরটিভি/এমএম



