রাজধানীতে পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারসহ ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার (১২ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পর ভেতরে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা ধাওয়া করে তিনজনকে ধরা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার তিনজন, জব্দকৃত গাঁজা এবং প্রাইভেটকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
আরটিভি/আইএম



