চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৫:১৪ পিএম


চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা
ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

মোকাররম হোসেন সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র পাওয়ার পর আমরা ওই ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছি। এখন থেকে ওই ইউপিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে ইউপির সচিব বরাবর চিঠি পাঠানো হবে।

মোকাররম হোসেন সুজন বলেন, জনগণ ভালোবেসেই আমাকে ইউপি চেয়ারম্যান বানিয়েছে। গঙ্গাচড়ার মানুষ আমাকে উপজেলা পরিষদে দেখতে চায়। তাই আমি তাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছি।

গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু বলেন, আমাদের দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেন, দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতোমধ্যে সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াও হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ ২৯ মে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission