গর্তে পাওয়া ৩ মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৮:১৬ পিএম


গর্ত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারীসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো একই পরিবারের সদস্যদের বলে ধারণা করছে পুলিশ। 

মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিন মরদেহ পাওয়া যায়। 

মরদেহগুলো ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামে একটি পুকুরের পাশে পতিত জমিতে পুঁতে রাখা হয়েছিল তিনটি মরদেহ। আনুমানিক সপ্তাহখানেক আগে হালকা মাটি চাপা দিয়ে পুঁতে রাখায় পচে গেছে মরদেহ। এর ফলে দুর্গন্ধ ছড়ানোয় সোমবার রাতে শেয়াল মরদেহগুলো টেনেহিঁচড়ে গর্ত থেকে বের করে আনে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।  

মঙ্গলবার দুপুর ২টার দিকে মসজিদের দিকে যাওয়ার পথে খেতের মধ্যে দুই শিশুর মরদেহ এবং ঝোপের ভেতর ছোট্ট গর্তে হাতের একটি অংশ দেখতে পান স্থানীয় দুই যুবক। পরে তারা খবর দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, পিবিআই ও র‍্যাব।

এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছে। তারা একই পরিবার সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় ঘটনাটি ঘটিয়ে এখানে মরদেহ পুঁতে রাখতে পারে। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission